লিসানুল-আরবি

লিসানুল-আরবি

শত নদীর পূতধারা বিধৌত বাঙলার লোকায়ত জীবন যাপনে অপূর্ব সব সংস্কার যেমন আছে তেমনই আছে চিরবহমান প্রেম। এ প্রেমের অভিব্যক্তি শতরূপে,শতবর্ণে সমুজ্জ্বল — শ্রীরাধা শ্যামরায়ের দিব্য প্রেমের মতই সুখে দুঃখে, আনন্দ বেদনায়, বিরহ মিলনে অমৃতস্বাদী। ‘অলকানন্দা’ বাঙলার চিরায়ত সেই প্রেমের অনন্যসাধারণ একটি উপাখ্যান। ভাবে তার সঙ্গীতের সুর, ভাষায় তার গীতিকবিতার ছন্দ, শব্দে তার মহাকাব্যিক ব্যঞ্জনা। বিশ্ব সাহিত্যের একনিষ্ঠ পাঠক এবং গবেষক, প্রবীন সাহিত্যস্রষ্টা দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত ‘অলকানন্দা’ আধুনিক বাংলা সাহিত্য ভাণ্ডারে
মধুর-রসে-স্নিগ্ধ একটি বিরলতম উপন্যাস।
_______________

কাঁকন

বৃহত্তর বাঙলার মধ্যবিত্ত জীবন ছন্দের দুটি ধারা বিশ্বপ্লাবী শিল্পসভ্যতার যান্ত্রিক বাস্তবতা সত্ত্বেও, ক্রমবিবর্তিত আধুনিকতার বশবর্তী হয়েও যুগ যুগান্তরের সংস্কারগুলিকে সঙ্গে নিয়েই বহমান। একটি ধারা নাগরী — প্রবল গতিময়, অপ্রতিরোধ্য, অনিবার্য, অনুপেক্ষণীয়। অপরটি গ্রাম্য — অকৃত্রিম, মন্থর, দ্বিধান্বিত কিন্তু উর্বর ও প্রাণময়। গর্ভভার অবনতা চিরন্তনী জননী প্রতিমা।
‘কাঁকন’ উপন্যাসটিতে লেখক দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায় এমন দুটি ধারাকে সমান্তরাল ভাবে উপস্থাপনা করেছেন এবং দুর্মর প্রেম ও দুঃসহ বিরহের সেতু রচনা করে দুইটি স্রোতধারার একই সাগর সঙ্গমে মিলন ঘটিয়ে সুগভীর সমাজ মনস্কতার পরিচয় দিয়েছেন। ‘কাঁকন’ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
________________

অজয়ের এপার ওপার

বর্তমান পশ্চিম বাংলার ভৌগলিক সীমারেখার বাইরের যে বাঙলা — অজয়, দামোদর, ময়ূরাক্ষী, শীলাবতী, কংসাবতী, সুবর্ণরেখা প্রভৃতি নদ-নদী-শাসিত, ছোট নাগপুরের মালভূমির সুবৃহৎ, সুবিস্তৃত প্রান্তরের যে বাঙলা তার কাহিনী আশ্চর্য রকমের বিচিত্র। সে-বাঙলার জীবনাচরণ, জীবনছন্দ, জীবন যাপন, সমাজসংস্কার এবং ভাষা মূল বাঙলার প্রকৃতি থেকে ভিন্ন নয়। ভিন্নতা যা আছে, ব্যত্যয় যা আছে সেগুলি প্রায়োগিক। তার কারণ বহুবিধ হলেও একটি কারণ অত্যন্ত প্রকট। সেটি হোল এই ধরিত্রী খন্ডের প্রাকৃতিক পরিবেশ, আর তার রূঢ় প্রকৃতির স্বভাবে ধর্মে লালিত সেখানকার জনপদগুলির নরনারীর চরিত্র। ঝাড়খণ্ডের ভূমিপুত্র লেখক দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায় যে ভাবে, তাঁর অসাধারণ সাহিত্যিক প্রতিভায় এবং শৈল্পিক দক্ষতায় ‘অজয়ের এপার ওপার’ গ্রন্থের চব্বিশটি ছোট গল্পে সে সকল মানুষের অন্তর ও বাহিরের রূপ অঙ্কন করেছেন তা তুলনারহিত। অবিশ্বাস্য তাঁর অবলোকন এবং চরিত্র চিত্রায়ন। গল্পগুলির ভাষা ঐন্দ্রজালিক — মুগ্ধ করে রাখে।

Enquiry Now